ফাল্গুনের মাঝামাঝিতে প্রকৃতিতে পরিবর্তন হতে শুরু করেছে।শীতের পরিবর্তে হালকা গরম অনুভূত হচ্ছে। ইতোমধ্যে দেশের প্রায় বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু এলাকায় এখনও শীতের আমেজ বিরাজ করছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া বুলেটিনে বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার কথা উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
