২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম

আজ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বইমেলার উদ্বোধন ঘিরে ২ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশনে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় কোনো যাত্রী এই স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। মূলত বাংলা একাডেমির পাঠানোর চিঠির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি এ বিষয়ে একটি চিঠি ডিএমটিসিএলকে পাঠায়। চিঠিতে বলা হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেছেন। এ পরিপ্রেক্ষিতে উদ্বোধনের দিন মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর