ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত মো. মিজানুর রহমান ডিএনসিসি আওতাধীন অঞ্চল–০৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী।

জানা গেছে, গত বুধবার শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সড়ক নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনে যান। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অবকাঠামো উন্নয়ন কাজের বিভিন্ন স্থানে ফাটল, নিচের দিকে ধসে পড়াসহ নানা ত্রুটি দেখা যায়। এ ঘটনায় শিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় জনগণ অসন্তোষ প্রকাশ করেন।

বিষয়টি ডিএনসিসির নজরে আসলে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে প্রসাশনিক ব্যস্থা গ্রহণ করে। আজ বৃহস্পতিবার সংস্থাটির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে অঞ্চল ৫ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অঞ্চল ৫ এর মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ/সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধি ৪৯-এর (ক), (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার অভিযোগে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর