মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল (মঙ্গলবার) ৩ মার্চ। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত।

অগ্রিম টিকিট বিক্রির সূচি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট; ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট। এভাবে ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রায় ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকিট; ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট। এভাবে ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট। একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হবে। ঈদের পর আবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে। ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর