মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংকটের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া দুটি বিবৃতি দেশের জনস্বার্থেই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন এবং বিবৃতি নিয়ে চলা নানা সমালোচনার জবাব দেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংকটের মধ্যে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। গত দুদিনে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, তা সম্পূর্ণভাবে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষার জন্যই।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান খুব সোজা। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করব, যারা ওই অঞ্চলে আছেন। আমরা বিশ্বাস করি, যুদ্ধ বা সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা চাই আলোচনা ও কূটনীতির মাধ্যমে দ্রুত এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হোক।
তিনি আরও বলেন, শুরু থেকেই বাংলাদেশ সরকারের নীতি পরিষ্কার যে, প্রবাসী নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থ সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। ১ মার্চ প্রথম বিবৃতিতেও এই বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ড. খলিলুর রহমান আরও বলেন, আমাদের নাগরিকরা আক্রান্ত হলে, কাঁটাতারের এপাশে বা ওপাশে যেখানেই থাকুক, আমরা তাদের পাশে দাঁড়াব। আমাদের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই সংঘাতে আর কোনো বাংলাদেশির প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা যেন না ঘটে। তবে দুঃখজনক কোনো পরিস্থিতি তৈরি হলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে কাজে যেতে না পারা লোকজন আটকে পড়ার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ইরান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথমে ১ মার্চ একটি বিবৃতি দেওয়া হয়, যা নিয়ে কিছু মহলে সমালোচনা হয়। এরপর আজ সোমবার (২ মার্চ) দ্বিতীয় দফায় আরেকটি বিবৃতি প্রকাশ করা হয়।
