পবিত্র মাহে রমজানে ঢাকা মহানগর এলাকার ফুটপাত ও সড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান চলছে। এ ছাড়া বাস চলাচলের (মূল) সড়কে ব্যাটারিচালিত রিকশা যেনো প্রবেশ করতে না পারে, সে বিষয়ে ট্রাফিক পুলিশ বিশেষ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদরদপ্তরের সম্মেলন কক্ষে ব্যাংক ও শপিং মলসমূহের নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রমজান মাসে ইফতারের সময় রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। নগরবাসী যাতে যথাসময়ে গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারেন সেজন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পাশাপাশি অতিরিক্ত ফোর্স নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। ইফতারের সময় তারা সড়কেই ইফতার করছেন যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে।
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিট কাজ করছে। সকলের আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রমজানে এখন পর্যন্ত ঢাকা মহানগরে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাকি রোজাগুলো যদি এভাবেই শান্তিপূর্ণভাবে পার করতে পারি, তাহলে ঈদ উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারবো।
এ সময় ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি বলেন, দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসুন। এতে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আপনারা নিজেরাও নিরাপদ থাকবেন পাশাপাশি অপরাধ প্রতিরোধে পুলিশের কাজ সহজ হবে। যেকোনো প্রয়োজনে কাছের থানা এবং জরুরি সহায়তার জন্য ৯৯৯ নাম্বারে কল করতে অনুরোধ করেন তিনি। রমজানে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা নেওয়ারও আহ্বান জানান তিনি।
ওই সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
