কূটনীতিক-রাজনীতিক-সাংবাদিকদের সাথে ইফতার করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ০৮:৫৬ পিএম

পবিত্র রমজান উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সাংবাদিকদের সম্মানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করছে সরকার। এসব আয়োজনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই উদ্যোগ-মন্তব্য সংশ্লিষ্টদের।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৬ মার্চ শুক্রবার দেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে। ঢাকায় কর্মরত কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা সেখানে অংশ নেবেন।

এরপর ৮ মার্চ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইফতারে মিলিত হবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চা জোরদার করতেই এই আয়োজন।

সবশেষে আগামী ১০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতে সরকারের নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমান সরকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইফতার মাহফিল তারই ধারাবাহিক অংশ।

এদিকে অতীতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া রমজানের প্রথম দিনে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। বিরোধীদলে থাকলেও বিএনপি সেই ধারা অব্যাহত রেখেছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল আসনে জয়লাভের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের প্রথম দিন রমজানের প্রথম দিন হওয়ায় সেদিন কোনো রাষ্ট্রীয় ইফতার আয়োজন করা হয়নি। দলীয়ভাবেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ইফতার কর্মসূচি ঘোষণা করা হয়নি।

তবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রমজানের প্রথম দিনে রাজধানীর ভাষানটেকসহ কয়েকটি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। পাশাপাশি রমজান মাসজুড়ে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন