দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকারের শুরুতে প্রধানমন্ত্রী এবং আনসার ও ভিডিপি মহাপরিচালক একে অপরের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের গভীর দেশপ্রেম এবং তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও জনসেবামূলক কাজে তাদের নিরলস প্রচেষ্টাকে তিনি ভূয়সী প্রশংসা করেন। এছাড়া দেশের শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় এই বাহিনীর সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা দেন তিনি।

বৈঠককালে মহাপরিচালক প্রধানমন্ত্রীকে বাহিনীর বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন। একইসাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন