দেশজুড়ে শুরু হচ্ছে ২৫ কোটি গাছের চারা রোপণ অভিযান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বৈঠক শেষে তারা দেশের পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে সরকারের নতুন মহাপরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানান।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ আউয়াল মিন্টু জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে সারাদেশে একযোগে গাছের চারা লাগানো শুরু হবে। এই অভিযানের আওতায় মোট ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারের অর্থনৈতিক রূপরেখা নিয়ে কথা বলেন। তিনি জানান, দেশের অর্থনীতিতে বর্তমানে তৈরি পোশাক বা গার্মেন্টস সেক্টরের যে বিশাল অবদান রয়েছে, তার ঠিক পরেই ‘কার্বন ট্রেডিং’-কে গুরুত্ব দিতে চায় সরকার। অর্থাৎ, পরিবেশ রক্ষার মাধ্যমে আন্তর্জাতিক বাজার থেকে কার্বন ক্রেডিট অর্জনের বিষয়টিকে আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন