মধ্যপ্রাচ্যে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পেয়েছি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়ে দূতাবাসগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে যারা কর্মরত আছেন, তাদের কর্মসংস্থানের বিষয়ে আমরা দূতাবাসগুলোর সঙ্গে কথা বলছি এবং ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পেয়েছি।

তিনি আরও বলেন, সবদিকেই আমাদের আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই। এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।

যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান হুমায়ুন কবির। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সরকারের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা চেষ্টা করছি যেন কোনো ধরনের সংকটে না পড়তে হয় এবং সবকিছু একটি টেকসই উপায়ে স্বাভাবিক থাকে। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা নিচ্ছি।

বিশেষ করে জ্বালানি খাতে বৈচিত্র্য আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, সৌদি আরব, ইউএই, কাতারসহ যুদ্ধ-প্রভাবিত অঞ্চলে থাকা বাংলাদেশি নাগরিকদের এবং সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রয়েছে। অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা হয়েছে, যাতে প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যায়।

তিনি বলেন, এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার বাংলাদেশের নাগরিকরা, তাদের সুরক্ষা, স্বাস্থ্য ও কল্যাণ। নিয়মিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমন্বয় করে কীভাবে প্রতিদিন তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন