দুবাইয়ে আটকা পড়া বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০১:০৭ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা।

সংশ্লিষ্টরা জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরু থেকে গত পাঁচদিন বিমানের ফ্লাইট ক্রুরা সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলেন। ফ্লাইট ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছে দেশের অন্যতম সেরা এয়ারলাইন্স ইউএস-বাংলা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার পরিজন চরম উৎকন্ঠায় সময় পার করছিল। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।

একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি ক্রমে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দুইটি বিশেষ ফ্লাইট চালু করছে। ইতোমধ্যে  বৃহস্পতিবার (৫ মার্চ) একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় অবতরন করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন