সুদসহ টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ, আমানতকারীদের ওপর জলকামান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলসহ তিন দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। বিক্ষোভকারীরা দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আল্টিমেটাম দেন এবং তা বাস্তবায়ন না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।

আজ বৃহস্পতিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন।

এদিন বিক্ষোভকারীরা শাপলা চত্বরে প্রধান সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; যা আমানতকারীদের জন্য অন্যায্য ও অমানবিক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের পূর্ণ মুনাফাসহ আমানতের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। একইসঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করা এবং এফডি, ডিপিএস ও এমটিডিআরসহ মেয়াদোত্তীর্ণ সঞ্চয়পত্রের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধের দাবি তোলেন তারা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন