জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই পদের জন্য বাংলাদেশের মনোনীত প্রার্থী।

ইফতার অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ববর্তী আলোচনায় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন এবং বাংলাদেশের সাথে বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।


বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইফতারের টেবিলে প্রধানমন্ত্রীর ডান পাশে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
