হরমুজ প্রণালির বাধা পেরিয়ে চট্টগ্রামে পৌঁছাল ৪ বিশালাকার গ্যাস জাহাজ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০২:২২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর মিলছে। আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পাড়ি দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও এলপিজি বোঝাই চারটি জাহাজ সফলভাবে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষের এই তথ্যে আপাতত দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া শঙ্কা কিছুটা কেটেছে।

বন্দর সূত্রে জানা গেছে, ওমান ও কাতার থেকে বিশাল পরিমাণ জ্বালানি নিয়ে একে একে জাহাজগুলো বাংলাদেশে ভিড়ছে। গত ৩ মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে ৬৩ হাজার ৩৮৩ মেট্রিক টন এলএনজি নিয়ে আল জোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর ৫ মার্চ একই বন্দর থেকে ৬৩ হাজার ৭৫ মেট্রিক টন গ্যাস নিয়ে আসে আল জাসাসিয়া। এর আগে ২৬ ফেব্রুয়ারি ওমান থেকে ১৯ হাজার ৩১৬ মেট্রিক টন এলপিজি নিয়ে পৌঁছায় জি-ওয়াইএমএন এবং ৫ মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে ৫ হাজার ১৯ মেট্রিক টন গ্যাস নিয়ে আসে বে-ইয়াসু।

রবিবার (৮ মার্চ) দুপুর ২টায় ওমানের সোহার বন্দর থেকে ২২ হাজার ১৭২ মেট্রিক টন এলপিজি নিয়ে এলপিজি সেভেন নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। এছাড়া কাতার থেকে লুসাইল, আল গালায়েল এবং লেব্রেথাহ নামের আরও তিনটি এলএনজি জাহাজ যথাক্রমে ৯, ১১ ও ১৪ মার্চ বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, মোট ৮টি জাহাজ আগেভাগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে চারটি এখন বন্দরে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে ওমান ও ইরানের মধ্যবর্তী ‘হরমুজ প্রণালি’ দিয়ে বাংলাদেশের জ্বালানি আমদানির বড় একটি অংশ সম্পন্ন হয়। এই রুটটি যুদ্ধাক্রান্ত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে সরবরাহ অনিশ্চয়তা দেখা দিলেও বাংলাদেশের জন্য বর্তমানে কোনো বড় সংকট নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে আমদানিতে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন