অর্থ পাচারের অভিযোগে ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। 

আজ রবিবার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

অপসারিত এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে ওয়াসার এমডি হিসেবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল।

জানা গেছে, ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন আবদুস সালাম ব্যাপারী। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। এ অবস্থায় ওয়াসার মতো গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব দেওয়া নিয়ে সমালোচনা হয়।

অন্যদিকে, আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ তিনি অবৈধ পথে বিদেশে পাচার করেন। নিজের, স্ত্রী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পদ কেনার অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে আরও দেখা গেছে, ২০১৮ সালে তিনি নিজের নাম ও স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি কেনেন। স্থানীয় ভূমি নিবন্ধন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কেনা ওই বাড়ির বর্তমান মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিভিন্ন গণমাধ্যমেও টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার খবর প্রকাশিত হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন