মব সংস্কৃতি কোনোভাবেই সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

মব সংস্কৃতি বাংলাদেশে কোনোভাবেই সহ্য করা হবে না। এটি নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি পুরো শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভ্রমণ তালিকায় শীর্ষে থাকা কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপ দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাদক সমস্যার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রথমেই উখিয়া-টেকনাফকে ঘিরে গড়ে ওঠা ‘মাদক রুট’ বন্ধ করতে হবে।

তিনি বলেন, মাদকের প্রসার, প্রচার ও বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কক্সবাজারকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করবে।

আলোচিত হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গেও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় ভারতে গ্রেফতার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।

সভায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন