ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়্যারেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো কর্ম-সম্পর্ক থাকলে তা পরিত্যাগ করে তাকে এ পদে যোগ দিতে হবে। তার মেয়াদ হবে এক বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আমিনুল ইসলাম ১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ব্যাচে প্রায় ৬০০ কর্মকর্তার মধ্যে মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন তিনি। তবে ফ্যাসিস্ট সরকার তাকে দীর্ঘদিন পদোন্নতি না দিয়ে বৈষম্যের শিকার করে। পরবর্তীতে গত অন্তর্বর্তী সরকারের সময় তাকে ভূতাপেক্ষভাবে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে শিক্ষা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালে ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সম্মাননা প্রদান করেন।
