মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আসন্ন হারি রায়া আইদিলফিতর উপলক্ষে একটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর ফলে দেশটির মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং ভ্রমণের জন্য আরও বেশি সময় পাবেন।আজ (রবিবার) ১৫ মার্চ, সাবাহর সুরিয়া সাবাহ শপিং মলে অনুষ্ঠিত জাতীয় ভোক্তা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান, রায়ার প্রথম দিন কবে হবে তার ওপর নির্ভর করে শুক্রবার অথবা সোমবার এই দুই দিনের যেকোনো একটি অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করা হবে।
জনসাধারণের ভ্রমণ পরিকল্পনা সহজ করতে প্রধানমন্ত্রী দুটি সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরেন।
প্রথম পরিস্থিতি, যদি রায়ার প্রথম দিন শুক্রবার, ২০ মার্চ হয়, তবে সোমবার, ২৩ মার্চ অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হবে। দ্বিতীয় পরিস্থিতি, যদি রায়ার প্রথম দিন শনিবার, ২১ মার্চ হয়, তবে শুক্রবার, ২০ মার্চ অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হবে।
আনোয়ার বলেন, আমরা আগেভাগেই এই ঘোষণা দিচ্ছি যাতে মানুষ আগে থেকেই তাদের পরিকল্পনা করতে পারে। তিনি উৎসব মৌসুমে যাতায়াত ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রমজান মাসে মানুষের ত্যাগ, সময় ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই এই অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই রমজানে মানুষ অতিরিক্ত সময়, নিষ্ঠা ও শ্রম দিয়েছে। তাই তাদের জন্য এটি একটি পুরস্কার।
এ বছর শাওয়াল মাসের চাঁদ দেখার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ সন্ধ্যায়। সেই চাঁদ দেখার ওপরই নির্ধারিত হবে আইদিলফিতরের প্রথম দিন।
