জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমান সংসদের প্রধান সৌন্দর্য হলো—এখানে স্বৈরাচারের পক্ষের কোনও মানুষ নেই। তিনি বিগত ১৫ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে চলা আন্দোলনের কথা স্মরণ করে বলেন, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে, গণতন্ত্রকে সামনে রেখে এই সংসদ পরিচালনা করা উচিত।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগ, যেই শহীদদের কথা সরকারি ও বিরোধীদলের সদস্যরা বলেছেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এ সংসদ পরিচালনা করব। আমরা গণতন্ত্রের কথা বলব।
আন্দালিব রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, গত ১৭ বছরে বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ আমি ব্যক্তিগতভাবে কাছ থেকে দেখেছি, যে সাহস যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন সে হিসেবে আমি মনে করি জীবিত খালেদা জিয়ার চেয়ে তিনি এখন আরও বেশি শক্তিশালী। এ বিষয়টি আমাদের সবার মনে রাখতে হবে যে, কোনোভাবে আমরা যেন দেশনেত্রীর এসব আত্মত্যাগকে ছোট না করি। সেটিই আমি আশা করব।
