দেশে চীনা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে রানার অটোমোবাইলস

দেশে চীনা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করবে রানার অটোমোবাইলস
দেশের বাজারে চীনের বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে কোম্পানিটি বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। গত ২০ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদন করা হয়েছে। সভায় কোম্পানিটির বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, এ অংশীদারত্বকে বাংলাদেশে অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশীয় গাড়ি শিল্পে নতুন দিগন্ত উন্মোচন হবে।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, চীনের শেনঝেনের পিংশান এলাকায় অবস্থিত বিওয়াইডির সঙ্গে এ অংশীদারত্ব রানার অটোমোবাইলসের ব্যবসা বিস্তার, প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বাড়াবে। কোম্পানিটির পর্ষদ বৈশ্বিকভাবে সুপরিচিত প্রতিষ্ঠান বিওয়াইডির সঙ্গে কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা ও ইতিবাচক প্রভাবের ওপর গভীর আস্থা প্রকাশ করেছে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর ৫০ দশমিক ৪৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৯০ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ২৪ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।