এফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি ঘিরে বাংলাদেশি দর্শকদের আগ্রহের কমতি নেই। কাগজে-কলমে নিয়মরক্ষার ম্যাচ হলেও, বাংলাদেশ খেলবে তিন পয়েন্টের জন্য। টিভি পর্দায় টি-স্পোর্টসে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শক। অনলাইনে দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপে। পাশাপাশি স্পোর্টজফাই অ্যাপেও সরাসরি দেখা যাবে ম্যাচটি।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। তারা আছে ১৪৮ নম্বরে, বাংলাদেশের অবস্থান ১৮১। ৩৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের স্বস্তির জায়গা আছে। হারানোর যে কিছু নেই। বরং, এই এশিয়ান কাপ দিয়েই গতবছর শুরু হওয়া ফুটবলের নতুন যাত্রায় ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। এখন কেবল সেটি ধরে রেখে এগিয়ে যাওয়ার পালা, যেখানে আজ জয় পেলে তা হবে জ্বালানি।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আশাবাদী জয়ের ব্যাপারে। দেশের ফুটবলের স্বার্থে তিন পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ, এমনটিই মনে করেন অধিনায়ক। ম্যাচের আগে তার কণ্ঠে শোনা গেছে ইতিবাচক কথা।
জামাল বলেন, ‘আমরা যদি ৩ পয়েন্ট পাই, সেটি ইতিহাসই হবে। বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক। আমার মনে হয় পুরো বাছাইপর্বটা আমরা খুব খারাপ করিনি। আমাদের সামনে এই একটি কাজই বাকি। এটার জন্য সবাই ভালোভাবেই প্রস্তুত।’
