বিশ্বখ্যাত কোচের প্রশিক্ষণ শেষে সিদ্দিকুর রহমান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

বিজিএফ ও বিওএ-র যৌথ উদ্যোগে গলফে নতুন দিগন্ত: সার্টিফিকেট পেলেন দেশীয় কোচরাবাংলাদেশে গলফ খেলার মানোন্নয়ন ও স্থানীয় কোচদের দক্ষ করতে আয়োজিত চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’ আজ শনিবার (৪ এপ্রিল) সম্পন্ন হয়েছে। ঢাকা আর্মি গলফ ক্লাবের বাংলাদেশ গলফ একাডেমীতে বাংলাদেশ গলফ ফেডারেশন (বিজিএফ) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) যৌথ উদ্যোগে এই কোর্সটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে দেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান বলেন, “ব্যাসিক টেকনিক্যাল বিষয়গুলো জানা খুবই জরুরি। স্লোভেনিয়ার কোচের কাছে গত চার দিনে অনেক নতুন কিছু শিখলাম। নিয়মিত এমন সুযোগ পেলে দেশের গলফে দারুণ সময় আসবে।” তার সাথে এই কোর্সে অংশ নেন তারকা নারী গলফার সামাউন আনজুম অরণীও।

বিজিএফ ও বিওএ-র যৌথ উদ্যোগে গলফে নতুন দিগন্ত: সার্টিফিকেট পেলেন দেশীয় কোচরাসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র সেক্রেটারি জেনারেল মো. জোবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বিজিএফ’র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক বলেন, “সিদ্দিকুর রহমান ওয়াইল্ড কার্ড ছাড়াই অলিম্পিকে খেলে প্রমাণ করেছেন আমাদের সম্ভাবনা কতটা। সেই মেধাকে কাজে লাগাতে কোচদের উন্নত প্রশিক্ষণ অপরিহার্য।”

বিশ্বখ্যাত ট্রেনার ইউরোস গ্রেগরিচ বাংলাদেশের গলফার ও কোচদের প্রতিভা ও আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন। বিজিএফ-এর জেনারেল সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদ সিদ্দিকী জানান, গলফের সার্বিক উন্নতির লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে স্থানীয় কোচদের হাতে সার্টিফিকেট এবং ট্রেনার গ্রেগরিচকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন