ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত একটি তদন্তকে কেন্দ্র করে দায়ের করা জালিয়াতি ও মানহানির মামলায় দিনাজপুর মহিলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোসা. জান্নাতুল সাফা শাহিনুরকে গ্রেফতার করা হয়েছে।
রোববার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরের কারিগরি শিক্ষা অধিদপ্তর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গুলশান থানার এসআই মাহফুজ যুগান্তরকে বলেন, জান্নাতুল সাফা শাহিনুর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল সোমবার তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হবে।
মামলার নথি অনুযায়ী, বাংলাদেশ পেনাল কোডের ৪৬৫, ৪৬৬, ৪৭১ ও ৫০০ ধারার আওতায় মামলাটি দায়ের করা হয়েছে। সিআর মামলা নং- ১৫৩/২৬। জান্নাতুল সাফা শাহিনুর বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের মহিলাবিষয়ক সম্পাদক।
মামলার বাদী এসেট (ASSET) প্রকল্পের সাবেক উপপকল্প পরিচালক খন্দকার খালেদ রিয়াজ জানান, জান্নাতুল সাফা শাহিনুর ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এসেট প্রকল্পের সঙ্গে চুক্তি সম্পাদন এবং একাধিক আর্থিক অনিয়ম করায় তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। তদন্ত প্রক্রিয়ায় তিনি অভিযুক্তের ডুপ্লিকেট এনআইডি শনাক্ত করেন এবং জান্নাতুল সাফার ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রজেক্টের সঙ্গে জালিয়াতি করে চুক্তি করা, ব্যাংক অ্যাকাউন্ট চালু ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে ওমেন চেম্বারের লাইসেন্স গ্রহণ করায় সংশ্লিষ্ট চুক্তি বাতিল ও বাণিজ্য মন্ত্রনালয়ের লাইসেন্স বাতিলের জন্য আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তিনি।
তিনি বলেন, পরবর্তীতে কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক এসেট প্রজেক্টের সঙ্গে জান্নাতুল সাফা শাহিনুরের চুক্তি বাতিল ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে জালিয়াতি করে লাইসেন্স গ্রহণ করায় আইনগতভাবে ব্যবস্থা গ্রহণসহ তদন্ত প্রতিবেদনের সুপারিশসমুহ অনুমোদন করলে প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান চুক্তিটি বাতিল করেন।
