আশুগঞ্জে প্রায় ৫ মণ গাঁজাসহ প্রাইভেটকার আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১৯৫ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

সোমবার দুপুরে আশুগঞ্জ গোলচত্বরের রওশন জলিল স্কুলের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। পলাতকরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের হাজী সিরাজ আলীর ছেলে ফুয়াদ হাসান সাকিব (৩১) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর (আমলাপাড়া) গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে মো. আব্দুল আলীম ওরফে মওসুম (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রওশন জলিল স্কুলের সামনে ঢাকাগামী সড়কে যানজটে থাকা একটি প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশির জন্য এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম চৌধুরী জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন