কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে। বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়ে গেছে।
বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে বিকালের সেশনে জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬ উত্থাপনের পর সংসদে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে যে বিল করা হয়েছে তা জাতীয় মানবাধিকার কমিশনকে বুঝানো হয়েছে। আর এটিকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা হয় তাহলে তার মাধ্যমে আমরা নিরপেক্ষ অনুসন্ধান কতটা পাব, সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। সেই জায়গা থেকে এই বিলটিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, এটাকে যদি আমরা ফাংশনাল করতে চাই তাহলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই অবশ্যই স্বায়িত্বশাসিত করতে হবে।
তিনি আরও বলেন, যেভাবে বর্তমানে প্রতিষ্ঠানগুলো নগ্ন করা হচ্ছে সেজন্য জাতীয় মানবাধিকার কমিশন যে দলীয়করণ করা হবে না, আবার বাপের দোয়া একটা মানবাধিকার কমিশন বা বিরোধীদল দমন কমিশন করা হবে না, এটার প্রতি কিন্তু আমাদের আস্থা নাই।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিলটা পাশ হওয়ার আগে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের এই বিল হচ্ছে তা নিষ্পত্তি হওয়া জরুরি। না হয় বিসিবির মত আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাব। বাংলাদেশ ব্যাংকের মত আবার দলীয়করণ দেখতে পাব। আমরা বিশ্ববিদ্যালয় গুলাকে যেভাবে এক ধরনের দলীয়করণ করা হয়েছে, আমরা সেটি দেখতে পাব।
