কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্ঘটনার খবর জানার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকারপ্রধান।
শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।
বিবৃতিতে প্রধানমন্ত্রী হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।
এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে শ্রম মন্ত্রণালয় ২ লাখ টাকা দিবেন।
উল্লেখ্য, আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
