যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিকমানের ভেন্যুর স্বীকৃতি ফিরিয়ে আনা হবে। এজন্য বিএনপির সরকার সকল কার্যক্রম গ্রহণ করবে। এই স্টেডিয়ামের যেন আন্তর্জাতিকমানের স্বীকৃতি হয় সে কারণে দ্রুত সমেয় সকল উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হবে। আর দেশের ক্রীড়াঙ্গনকে আরো ছড়িয়ে দিতে কাজ করা হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এই ক্রিকেটকে আরো উন্নয়নে কাজ করা হবে। ক্রীড়াঙ্গনের খেলোয়াড়রা যেন আরো সুযোগ সুবিধা পায়, তাদের মান বৃদ্ধির জন্যও কাজ করা হবে। শুধু বগুড়া না, দেশের সকল জেলাতে ক্রীড়ার বিস্তার ঘটানো হবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বগুড়া শহদি চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরো বলেন, আগামী জুলাই মাসে প্রমিলা বিপিএল আয়োজনের একটি পরিকল্পনা সরকার করেছে। সেটি বাস্তবায়ন করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আর আইসিসির অনুমতি সাপেক্ষে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ দিয়ে পুনরায় এই ক্রিকেট স্টেডিয়ামের নতুন করে যাত্রা শুরু হবে। এই মর্যাদা রক্ষায় সরকারিভাবে সকল কার্যক্রম চালু রাখা হবে। আইসিসি-র স্ট্যান্ডার্ড অনুযায়ী আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যে সুযোগ-সুবিধা থাকা দরকার, সেই আদলে সকল কিছুই করা হবে। তিনি বলেন, সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি বগুড়াতেই নির্মাণ করা হবে। আগামী জুন মাসের অর্থবছর থেকেই এই স্পোর্টস ভিলেজ ও ইনডোর সুযোগ-সুবিধা সম্বলিত প্রকল্পের কাজ শুরু হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, কৃতিক্রীড়াবিদ সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।
