লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে মো. আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশিকে গুরি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৮ এপ্রিল) ভোর রাতে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখে থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৭৪ নম্বর পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ভোর রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থিত বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্প এলাকায় গুলির ঘটনা ঘটে। প্রথমে রাত ২টা ৫০ মিনিটে এবং পরে ভোর ৪টা ৫০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। পরে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে প্রবেশ করে তারকাঁটা বেড়া কাটার চেষ্টা করলে তাদের বাধা দিতে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়। এ সময় ধবলগুড়ি ইউনিয়নের পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন পেশায় একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী-সন্তানদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সীমান্তে এমন ঘটনা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে বিজিবি ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ভারতে রয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আমার চেষ্টা চলছে বলে জানান তিনি।
নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
