মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, এবার পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে সিদ্ধান্ত সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।
ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং এর উদ্বোধন হবে চাঁদপুরে। জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে বলেও জানান মন্ত্রী।
ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে মন্ত্রী স্পষ্ট বলেন, সরকার বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্য হিসেবে দেওয়া হয়। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে সিদ্ধান্ত সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন।
