ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ বার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকরা কতদিন অবস্থান করতে পারবেন, তা তাদের ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখের ওপর নির্ভর করবে না; বরং যুক্তরাষ্ট্রে আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা তা নির্ধারণ করবেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই বিষয়ে সতর্ক করে বলা হয়, ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করা যাবে না। বরং, একজন আন্তর্জাতিক ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে কতদিন থাকতে পারবেন, তা তাঁর আগমনের সময় ইমিগ্রেশন কর্মকর্তা নির্ধারণ করেন। এটি ভ্রমণকারীর বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ নয়।

দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কতদিন অবস্থানের অনুমতি পেয়েছেন, তা জানতে ভ্রমণকারীদের তাদের আই-৯৪ ফরমে উল্লেখিত “অ্যাডমিট আনটিল ডেট” দেখতে হবে। এই তথ্য অনলাইনে i94.cbp.dhs.gov ওয়েবসাইট থেকেও জানা যাবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও যদি ইমিগ্রেশন কর্মকর্তা স্বল্প সময় অবস্থানের অনুমতি দেন, তাহলে সেই নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ছাড়তে হবে। অন্যথায়, ওভারস্টে বা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে ভিসা বাতিল থেকে শুরু করে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর