নগরীতে ৩ হাজার ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেফতার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ মে ২০২৬, ১২:০৬ এএম

চট্টগ্রাম নগরের শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানায় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সক্রিয় কর্মী।

আজ শনিবার চট্টগ্রাম নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত।

এই প্রসঙ্গে জুবাইরুল আলম মানিক বলেন, ‘এক সময় সে আমাদের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করত। তবে পরবর্তী সময়ে সে তেমনভাবে রাজনীতিতে সক্রিয় ছিল না এবং তার কোনো দলীয় পদপদবি নেই।’

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় আরিফুলের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার থেকে কম দামে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন।

ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্টধার মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন