জেলগেট থেকে আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ মে ২০২৬, ১১:৩৮ পিএম

জামিনে কারামুক্তির পর আবারও জেলগেট থেকে জামালপুরের মাদারগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (০৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম ও পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন৷

তবে কোন মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

কারাগার সূত্রে জানা গেছে, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে প্রায় এক মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশ কপি কারাগারে পৌঁছালে তারা কারামুক্ত হোন। পরে কারাগারের প্রধান ফটক থেকে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে।

এ বিষয় গোয়েন্দা পুলিশের ( ডিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাতেই জামালপুর সদর থানায় নিয়ে আসা হবে। ডিবি তাদের কোন মামলায় গ্রেপ্তার করেছে বিষয়টি এখনো আমাদের জানা নেই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর