রোগী পরিবহনের মাধ্যম এ্যাম্বুলেন্স এখন মাদক পাচারের নিরাপদ মাধ্যমে পরিণত করেছে মাদক চক্র। কক্সবাজার থেকে ছেড়ে আসা এ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে অক্সিজেন গ্যাস সিলিন্ডার থেকে ১লাখ ৫হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশ।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন কালভার্টের ওপর অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
ধৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা এ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম উরুফে সাগর (২৭) ও মো. আবছার (৩৩)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা (চট্টমেট্টো-ছ ৭১-১২৬৫) একটি এ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির অক্সিজেন গ্যাস সিলিন্ডারে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১লাখ ৫হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই চক্রের সদস্যদের আটকে গোয়েন্দা তৎপরতা চলছে। ধৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল রোগী সেজে এ্যাম্বুলেন্সে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে মাদক পাচারকালে শহরের নতুন বাহারছড়া এলাকায় বসবাসকারি মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) ও তার স্ত্রী রুমা আক্তারকে (৩৮) ১০ হাজার ইয়াবাসহ আটক করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
