ময়মনসিংহের ভালুকায় ইটভাঙা লরিতে বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঘরাপাড়া এলাকায় এ.আর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহমুখী একটি ইটভাঙা লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় শেরপুরের নালিতাবাড়ীগামী ‘আব্দুল্লাহ পরিবহন’-এর একটি বাস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হন এবং ফারুক নামে আরেক শ্রমিক আহত হন।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক সাঈদ (৩৫)কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
