ওমরাহ হজ করতে সৌদি আরব যাওয়ার পথে ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
পরে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়েছে। সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল।
জানা গেছে, বুধবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে জেদ্দায় যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি। তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টেড ছিল। এ কারণে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
দুপুর ২টা ১০ মিনিটে তাকে অফলোড করে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে ইমিগ্রেশন পুলিশ। পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।
