আওয়ামী লীগ আমলের রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে বিরোধী মত দমনে যে সকল রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল, সেগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন। ভুক্তভোগীদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

মামলাগুলো যাচাই-বাছাই করার জন্য সরকার দ্বিমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের নেতৃত্বে ৪ সদস্যের একটি জেলা কমিটি গঠন করা হয়েছে। এরপর জেলা কমিটির সুপারিশগুলো চূড়ান্ত পর্যালোচনার জন্য ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়। এই কমিটিগুলো প্রতিটি মামলা নিবিড়ভাবে পরীক্ষা করছে।

যেকোনো ব্যক্তি বা সংসদ সদস্য যদি মনে করেন তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলার (হত্যা মামলাসহ) সম্মুখীন হয়েছেন, তবে তারা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনগুলো জেলা ও কেন্দ্রীয় কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে। যদি তদন্তে প্রমাণিত হয় যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তবেই তা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আইনমন্ত্রী অধিবেশনে আশ্বস্ত করেন যে, অন্যায়ভাবে কাউকে হয়রানি করার সুযোগ বর্তমান সরকার দেবে না। রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা থেকে ভুক্তভোগীদের আইনি প্রতিকার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কমিটির মাধ্যমে প্রতিটি মামলার মেরিট যাচাই করে তবেই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন