জাতীয় অর্থনীতিতে পর্যটনের হিস্যা বাড়াতে সরকারের মহাপরিকল্পনা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ মে ২০২৬, ০১:১৩ পিএম

দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানের ৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছে সরকার। সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এই পরিকল্পনার কথা জানান।

অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচনী ইশতেহার দ্রুততম সময়ে বাস্তবায়নে বদ্ধপরিকর। পর্যটন খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সারাদেশে ১ হাজার ৭৪২টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। দেশের প্রতিটি জেলায় পর্যটন কেন্দ্র থাকায় মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে এই খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। পর্যটন খাতের উন্নয়নে বর্তমানে একটি বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্য চলাকালে মন্ত্রী মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি এবং তেওতা জমিদার বাড়িকে পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর উন্নয়নে তিনি অধিবেশনে উপস্থিত সংস্কৃতি মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় পর্যটন শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।

একই অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকায় পরিবর্তনের অগ্রদূত হতে পারেন। একটি পরিচ্ছন্ন, নিরাপদ পরিবেশ এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে জেলাভিত্তিক অর্থনীতি বদলে দেওয়া সম্ভব। বাংলাদেশকে বিশ্বের পর্যটন মানচিত্রে উজ্জ্বলভাবে তুলে ধরার যাত্রা জেলা প্রশাসকদের হাত ধরেই শুরু হবে বলে তিনি বিশ্বাস ব্যক্ত করেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় পর্যটন ও সংস্কৃতির সমন্বয়ে দেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন