রিহ্যাব নির্বাচন: কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠেয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ৪ প্রেসিডেন্ট প্রার্থীর তিনজনই।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রেডিডেন্ট প্রার্থীরা।

যৌথ এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. মো. আলী আফজাল, মোকাররম হোসাইন খান এবং ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের সেলিম।

সংবাদ সম্মেলনে তিন প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রগতিশীল আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. আলী আফজাল। তিনি বলেন, আর মাত্র একদিন পর (১৮ এপ্রিল) রিহ্যাব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করার জন্য কিছু বিষয়ে নির্বাচন কমিশনের জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিন্তু নির্বাচন কমিশন আমাদের প্রস্তাবিত বিষয়গুলিতে কর্ণপাত করছেন না বিধায় আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। সংবাদ সম্মেলনে তিনি লিখিত কয়েক দফা প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো

প্রথমত সকল প্রার্থী/ পোলিং এজেন্টকে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রে থাকার ব্যবস্থা করতে হবে। ব্যালট পেপারের বই, সংখ্যা ও নাম্বার এজেন্ট/ প্রার্থীগণের সামনে যাচাই করতে হবে।

ভোটাররা ব্যালট নেওয়ার সময় স্বাক্ষর ও টিপসইয়ের ব্যবস্থা করতে হবে। ভোট কাস্টিং শেষ হলে ভোট ব্যালট বইয়ের মুড়ি এজেন্ট ও কমিশনারের স্বাক্ষর করা ও এজেন্টদের টিক দেওয়া সংখ্যা মিলে কাস্টিং ভোট কতো হলো তা নির্ধারণ করা।

ভোট গণনার পূর্বে ব্যালট গণনা করে সংখ্যা মিলিয়ে নিতে হবে। কত ভোট কাস্টিং হলো এবং কত ভোট ব্যালট বাক্সে পড়লো অর্থাৎ কাস্টিং এবং ব্যালট বাক্সের ভোট এর কোনও তারতম্য আছে কিনা দেখতে হবে।

গণনা শেষ করে রেজাল্ট শিটে ইলেকশন কমিশন এবং উপস্থিত এজেন্টদের স্বাক্ষর করতে হবে।

ভোট কেন্দ্রে সকল জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভেতরের সিসি ক্যামেরার লাইভ ফুটেজ বাহিরে প্রজেকশনের এর ব্যবস্থা করতে হবে।

ভোট গণনার পর ব্যালট নষ্ট না করে সংরক্ষণ করতে হবে। যা প্রয়োজনে পুনগণনা বা ভেরিফাই করার জন্য ভবিষ্যতে কাজে লাগবে।

সংবাদ সম্মেলনে বক্তারা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে রিহ্যাব নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন