এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না: মির্জা ফখরুল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ১০০ ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের মানুষকে বিভ্রান্ত করবে বলে মন্তব্য করে তিনি এসব বিষয় নিয়ে সবাইকে চিন্তার পরামর্শ চান। মির্জা ফখরুল বলেন, পলিটিক্সের অনেক কচকচানি থাকবে। পার্লামেন্টের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। রাস্তায় বিভিন্ন বক্তৃতা শুনলে আপনাদের মনে হবে যে এটা আবার কি হলো? যা আমরা আশা করিনি। টেলিভিশনের টকশো আপনাদেরকে বিভ্রান্ত করবে। আরও বেশি বিভ্রান্ত করবে আপনাদের সোশ্যাল মিডিয়া।

অস্ট্রেলিয়ায় ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ জানিয়ে মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া একটা উন্নত দেশ। ১৬ বছর বয়স পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দিয়েছে তাদের ছেলেমেয়েদের জন্য। কেন? কারণ সোশ্যাল মিডিয়া সব সময় ভালো জিনিসকে নিয়ে আসে না। আমাদের এখানে এই প্রভাবটা খুব বেশি পড়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজসম্পদ থাকা সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় অর্জন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর