লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবারের (৮ এপ্রিল) মাত্র ১০ মিনিটের ব্যবধানে ৫০টি যুদ্ধবিমান নিয়ে দেশটির বৈরুত ও অন্যান্য অঞ্চলে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। নারকীয় এ হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ। সেইসঙ্গে আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। তবে, এই হামলাই শেষ নয়; লেবাননে আরও ভয়ংকর হামলার ইঙ্গিত দিয়ে রেখেছে ইসরায়েল।

এ অবস্থায় লেবানন প্রবাসী বাংলাদেশিদেরকে বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এসব এলাকা থেকে সরে যাওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো দিকনির্দেশনা বা ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ করা হচ্ছে। নিয়োগকর্তা বা কফিল নিজ বাসস্থান বা কর্মস্থলে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করলে তবেই সংশ্লিষ্ট প্রবাসীদের কর্মস্থল বা আবাসস্থলে ফেরার বিষয়ে পরামর্শ প্রদান করা হলো।

বৈরুতের যেসব এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা বলা হয়, সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো (আল-শিয়ার কাছে)।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর