জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের সক্রিয় হওয়ার নির্দেশ পাহাং যুবরাজের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মে ২০২৬, ১০:৪০ এএম

malaysia news
স্কুলের ড্রেনেজ সমস্যা, ভবঘুরে কুকুর, ভেঙে যাওয়া বাঁধ কিংবা গাছ কাটার মতো ছোটখাটো জনদুর্ভোগের বিষয় যেন তাঁর কাছে না আসে এমন নির্দেশনা দিয়েছেন তেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ।  পাহাংয়ের যুবরাজ বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের উচিত সবসময় জনগণের পাশে থাকা এবং কেবল নির্বাচন ঘনিয়ে এলে জনগণের কাছে যাওয়ার প্রবণতা পরিহার করা।

শুক্রবার ৮মে, কুয়ানতানের উইসমা শ্রী পাহাংয়ে অনুষ্ঠিত পাহাং রাজ্য আইনসভার ১৫তম অধিবেশনের পঞ্চম মেয়াদের প্রথম বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট নিয়ে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে। যুবরাজ আরও বলেন, “সরকারি বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষের দপ্তরে নিয়মিত যাতায়াত করে নিশ্চিত করতে হবে যেন জনগণের সব সমস্যা দ্রুত, দক্ষতা ও কার্যকরভাবে সমাধান হয়।”

তিনি সতর্ক করে বলেন, “স্কুলের ড্রেন, ভবঘুরে কুকুর, ভেঙে যাওয়া বাঁধ কিংবা গাছ কাটার মতো সমস্যা যেন শেষ পর্যন্ত আমার কাছে না আসে।” তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনগণের সমস্যা দ্রুত সমাধানে মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে, শুধু নির্বাচন ঘনিয়ে এলে কাজ করলে চলবে না। এদিকে ধর্ম, জাতি ও রাজকীয় প্রতিষ্ঠানকে ঘিরে উসকানিমূলক ‘থ্রি-আর (৩আর)’ ইস্যু নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন যুবরাজ।

তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে জাতি ও ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়ানোর যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এ ধরনের ৩আর ইস্যুর রাজনীতি বন্ধ করতে হবে। আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে তিনি সব পক্ষকে দায়িত্বশীল ও পরিণত রাজনৈতিক আচরণের আহ্বান জানান। যুবরাজ বলেন, বিরোধী দলকে গঠনমূলকভাবে সরকারের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, আর সরকারকে জনগণের কল্যাণ ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে যাতে কেউ বঞ্চিত না হয়।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন