সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মে ২০২৬, ০২:৩৯ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন ২০২৬-২৭ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) সকালে তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও নির্বাচনী প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রে মো. তারিকুল ইসলাম জানান, তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী বিধি ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতেই তিনি সরকারি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তিনি তার আবেদনে উল্লেখ করেন, ‘আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।’

তিনি যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্রটি গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন