রাজশাহীর চারঘাট থেকে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, আট দিনেও সন্ধান মেলেনি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মে ২০২৬, ০৪:০০ এএম

রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর (তোয়াজের মোড়) গ্রাম থেকে উমাইয়া বুসরা নামের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ৩০ এপ্রিল সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। উমাইয়া নন্দনগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং তার রোল নম্বর ১৪। উমাইয়া হাবিবপুর (তোয়াজের মোড়) গ্রামের মো. মিজানুর রহমান ও মোসাঃ সেলেনা বেগম দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল আটটার দিকে সে স্কুলের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আত্মীয়স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

এ ঘটনায় গত ৩০ এপ্রিল ২০২৬ চারঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেয়েটির বাবা মো. মিজানুর রহমান। সাধারণ ডায়েরি নম্বর: ১২৯১।

নিখোঁজ উমাইয়া বুসরার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, চুল কালো ও লম্বা এবং উচ্চতা ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সালোয়ার-কামিজ ছিল।

টানা আট দিন মেয়ের কোনো খোঁজ না পেয়ে পুরো পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। নিখোঁজ ছাত্রীর পিতা মো. মিজানুর রহমান ও মাতা মোসাঃ সেলেনা বেগম অভিযোগ করেন, নিখোঁজের বিষয়টি জানানো হলেও তাকে উদ্ধারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

মেয়েকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা।

কেউ উমাইয়া বুসরার সন্ধান পেলে দ্রুত চারঘাট থানা অথবা তার পরিবারের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
মো. মিজানুর রহমান (পিতা)
মোসাঃ সেলেনা বেগম (মাতা)
গ্রাম: হাবিবপুর (তোয়াজের মোড়), ডাকঘর: নন্দনগাছি
উপজেলা: চারঘাট, জেলা: রাজশাহী
মোবাইল: ০১৭৭৪৪৭৬১৮৫

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন