এপ্রিলে ২৯৪ নারী শিশু নির্যাতনের শিকার, ৭৫ সাংবাদিককে নীপিড়ন 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

গত এপ্রিলে সারাদেশে ২৯৪ নারী ও শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৮ নারী, শিশু ও কিশোরী। আর একই সময়ে সারাদেশে ৭৫ জন সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। মঙ্গলবার (৫ মে) এইচআরএসএস’র প্রতিবেদন প্রকাশ করা হয়। 

এতে দেখা যায়, এপ্রিল মাসে ধর্ষণের ৬৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। অন্যদিকে ৭৯ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন যার মধ্যে ৪০ জন শিশু। এছাড়া যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৬৪ জন নারী। এবং আত্মহত্যা করেছেন ৩৬ জন নারী। প্রতিবেদনে উদ্বেগ জানিয়ে বলা হয়, গত এপ্রিলে ১৯১ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ৫৭ জন প্রাণ হারিয়েছেন এবং ১৩৪ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

চলতি বছরের এপ্রিল মাসে সারাদেশে রাজনেতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ৬ জন নিহত এবং ৫৩৩ জনের বেশি বিভিন্ন দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার তথ্য দিয়েছে এইচআরএসএস। তবে, এপ্রিল মাসে রাজনৈতিক সহিংসতা ও হতাহতের সংখ্যা মার্চ মাসের তুলনায় কমেছে। গত মার্চ মাসে ১১৩ টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৯১২ জন। রাজনৈতিক সহিংসতার ঘটনায় এপ্রিল মাসে অন্তত ৯৮ টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৪০ টি ঘটনায় ৪ জন নিহত ও ২৪৭ জন আহত হয়েছেন। এছাড়া দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার অন্তত ১৩ টি ঘটনায় ৬ জন নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে বিএনপির ৩  জন, আওয়ামী লীগের ২ জন, জামায়াতের ১ জন। 

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে সারাদেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১ হাজার ৮৯ জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সদস্য। 

প্রতিবেদনে ‘মব’ সহিংসতার বিষয়টি তুলে ধরে বলা হয়, এপ্রিলে মব সহিংসতা ও গণপিটুনীর ৪৪ ঘটনায় ২২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনার তথ্য উল্লেখ করা বলা হয়েছে, ৪০ টি হামলার ঘটনায় ৭৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।  আহত হয়েছেন অন্ততপক্ষে ৪২ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ১৭ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ১০ জন সাংবাদিক। এছাড়া গত মাসে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ মাসে অন্তত ১৪ টি ঘটনায় ২৩ জনকে আটক ও ৯ টি মামলা দায়ের হয়েছে। 

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও মাজারে হামলার ঘটনার উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ৮ টি হামলার ঘটনায় ১৩ জন আহত হয়েছে। এছাড়া ৩ টি মন্দির, ২ টি প্রতিমা ও ১ টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । এছাড়া কুষ্টিয়ায় একটি মাজারে হামলার ঘটনায় পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত ও ১০ জন অনুসারী আহত হয়েছে। এছাড়া এপ্রিল মাসে ৮০ টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ১৩ জন নিহত এবং ১১৬ জন আহত হয়েছেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৬৪ জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন