এপ্রিলে ৫২০৫ ফৌজদারি মামলা নিষ্পত্তি ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ মে ২০২৬, ১১:৪৭ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের এপ্রিল মাসে ৫২০৫ টি ফৌজদারি ও ৩০২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে।

ডিএমপির বিজ্ঞ আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত এপ্রিল মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ সর্বমোট ৫২০৫ টি মামলা নিষ্পত্তি করেছে। এর মধ্যে ধৃত আসামির সংখ্যা ১০,১৫৫ জন এবং কারাদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ৫,৮৯৪ জন, অর্থদণ্ডের পরিমাণ ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা এবং নিলাম/বাজেয়াপ্তের পরিমাণ ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা।

এপ্রিল মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এবং ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৫৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে ট্রাফিক আইন লঙ্ঘন করায় এপ্রিল মাসে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে দায়েরকৃত মামলার সংখ্যা ১৪৭০ টি। তার মধ্যে আসামির সংখ্যা ১,২১৬ জন, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩০২ টি। আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। আসামিদের মধ্যে দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ডিএমপিতে কর্মরত বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন অপরাধের বিচার তাৎক্ষণিক হওয়ায় মহানগরবাসীর মনে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস জাগ্রত হচ্ছে এবং সেইসাথে অপরাধীদের মনে ভীতি সঞ্চার হচ্ছে, যা ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর