হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান 

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

‘হামে আক্রান্ত এক সন্তানের মৃত্যু, অন্য সন্তানকে নিয়েও আতঙ্কিত মা’ শীর্ষক একটি প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত উক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।

আজ শনিবার (১৮এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শোকাহত শামীম-নাহার দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং অসুস্থ সন্তানটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দলনেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, পরিবারের বড় সন্তান নিহাল (৬) এবং ছোট সন্তান সিয়াম (৩) হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পবিত্র ঈদুল ফিতরের দিন তাদের ছোট সন্তান সিয়াম (৩) মৃত্যুবরণ করে, যা পরিবারটির জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন