চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি মির্জা ফখরুলের সমর্থন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:০৭ এএম

চীনের ‘ওয়ান চায়না পলিসি’র উপর বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিন’র আমন্ত্রণে চীনের রাজধানী বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে সোমবার (২০ এপ্রিল) নৈশভোজে অংশ নেয়। সেখানে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার (২০এপ্রিল) সকালে বেইজিং পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৬এপ্রিল থেকে সফররত বিএনপি’র ১৯-সদস্যের প্রতিনিধি দলের সাথে যুক্ত হন তিনি। ২১এপ্রিল সকাল ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সাথে আইডিসিপিসি ভবনে এবং একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেং এর সাথে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এমপি, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোহাম্মদ শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিস বেবি নাজনীন, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন এমপি, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টির সভাপতি সায়েদ আল নোমান এমপি, মাগুড়া জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন এমপি, মায়ের ডাকের আহ্বায়ক মিসেস সানজিদা ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর এপিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ইউনুস আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান এবং  প্রধানমন্ত্রীর উপদেষ্টার (মন্ত্রী পদমর্যাদা) সহকারী একান্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় ও রিসার্চ এসোসিয়েট, বিএনআরসি (বিএনপি গবেষণা উইং)  মীর সোলাইমান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন