১৩তম সিটি করপোরেশনে গেজেট ভুক্ত হলো বগুড়া

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:৩৮ পিএম

সরকার বগুড়া পৌরসভা ও এর সম্প্রসারিত এলাকা নিয়ে গঠন করেছে বগুড়া সিটি করপোরেশন। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করা এ নগরটিতে মোট ওয়ার্ড রয়েছে ২১টি।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তীতে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। আলাদা এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে।

নতুন সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে রয়েছে ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়নের অংশ (বগুড়া সদর) ও ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর)। দক্ষিণে রয়েছে ১ নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী মতামত আহ্বানের জন্য বগুড়া জেলা প্রশাসককে গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীকালে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদন বিবেচনায় নিয়েই সরকার বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত কার্যকর করে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন