ইংলিশ ক্লাব মিডলসবরোর হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার মিডফিল্ডার রাইলি ম্যাকগ্রি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। যা বিশ্বকাপের আগে সকারুসদের জন্য একটি বড় ধাক্কা।
অস্ট্রেলিয়ার অন্যতম সৃজনশীল খেলোয়াড় ম্যাকগ্রির এই চোট এমন এক সময়ে এলো, যখন কোচ টনি পোপোভিচ কয়েকদিনের মধ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করবেন। এই টুর্নামেন্টে তারা তুরস্ক, সহ-আয়োজক যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ের মুখোমুখি হবে।
ফ্লোরিডার সারাসোটায় বিশ্বকাপ-পূর্ববর্তী প্রশিক্ষণ শিবিরের জন্য অভিজ্ঞ ক্রেইগ গুডউইন নির্বাচিত না হওয়ায় ম্যাকগ্রির অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বাম প্রান্তের আক্রমণভাগে খেলোয়াড়ের ঘাটতি তৈরি করেছে।
অন্যদিকে মিচ ডিউকের বিশ্বকাপে ফেরার আশা কার্যত শেষ হয়ে গেছে, কারণ এই অভিজ্ঞ স্ট্রাইকারসহ আটজন ফুটবলারকে প্রশিক্ষণ শিবির থেকে বাদ দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই দলের মূল একাদশের বাইরে ছিলেন।
২০২২ কাতার বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ১-০ গোলের জয়ে ডিউক গোলটি করে অস্ট্রেলিয়াকে নকআউট পর্বে উঠতে সাহায্য করেন।
স্কটল্যান্ডভিত্তিক স্ট্রাইকার আন্তে সুতোকেও ছেড়ে দেওয়ায়, পোপোভিচ আরেকজন অনভিজ্ঞ ফরোয়ার্ড টেটে ইয়েঙ্গিকে প্রথমবারের মতো দলে ডেকেছেন। ইয়েঙ্গি হলেন কুসিনির ছোট ভাই, তিনি বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন কিন্তু উরুর চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান।
ইয়েঙ্গি কুসিনির মতোই একজন জাপানভিত্তিক স্ট্রাইকার। দলে ডাক পাওয়া আটজনের মধ্যে তিনিও ছিলেন। এই দলে আরও রয়েছেন ডিফেন্ডার আলেসান্দ্রো সিরকাতি, লুকাস হ্যারিংটন, কাই ট্রেউইন ও কাই রাউলস, অভিজ্ঞ উইঙ্গার আওয়ার মাবিল, গোলরক্ষক ম্যাট রায়ান এবং হোল্ডিং মিডফিল্ডার পল ওকন-এংস্টলার।
২৯ জনের প্রশিক্ষণ দল থেকে তিনটি নাম বাদ দিতে হবে, যেখানে অধিনায়ক রায়ান ও পল ইজোর পর তৃতীয় গোলরক্ষক হিসেবে প্যাট্রিক বিচ অথবা জো গাউচির মধ্যে একজন বাদ পড়বেন।
অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ৩০ মে পাসাডেনায় মেক্সিকোর বিপক্ষে এবং ৬ই জুন সান ডিয়েগোতে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৩ই জুন ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা তুরস্কের মুখোমুখি হবে।
