বিএনপি নেতা সবুজের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান শুরু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:২৩ এএম

সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান শুরু করেছে স্থানীয় যুব সমাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী নুর কায়েম সবুজের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে সয়াধানগড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় যুবকরা। এ সময় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিতকরণ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ‘মাদক ছুঁই না, মাদক সেবন না, মাদক বিক্রি না, মাদক সহ্য না’ – এই চারটি অঙ্গীকারকে সামনে রেখে ধারাবাহিকভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে। এলাকার তরুণদের সম্পৃক্ত করে সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে।

এ কর্মসূচি পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামালসহ সয়াধানগড়া এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ।

সয়াধানগড়া যুব সমাজের পক্ষে মো. ইমরুল হাসান সবুজ বলেন, আমরা চাই আমাদের এলাকার তরুণরা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকুক। মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই আমরা যুব সমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য একটি মানবিক, সুস্থ ও নিরাপদ সমাজ গঠন। সেই লক্ষ্য বাস্তবায়নে যুব সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকমুক্ত, সবুজ ও সুন্দর সিরাজগঞ্জ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর